আনিকার প্রথম আন্তর্জাতিক গোল ‘দেশের মানুষের জন্য’

ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি দেশের মানুষকে উৎসর্গ করেছেন সুইডেনপ্রবাসী বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী।

গত মার্চে অস্ট্রেলিয়ায় উজবেকিস্তানের বিপক্ষে এএফসি উইমেন্স এশিয়ান কাপের শেষ ম্যাচের পর দ্বিতীয়বারের মতো জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ পান আনিকা।

২১ বছর বয়সী এই ফরোয়ার্ড উজবেকিস্তানের বিপক্ষে রাইট উইঙে খেলে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। তবে গত বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে তাকে উইঙের বদলে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলানো হয়। আর মাঠে নেমেই মাত্র ১১ সেকেন্ডে গোল করে জাতীয় নারী দলের হয়ে ‘দ্রুততম গোলের’ রেকর্ড গড়েন তিনি।

বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের মিক্সড জোনে টিম বাসে ওঠার সময় দ্রুততম গোলের প্রতিক্রিয়া জানিয়ে আনিকা বলেন, ‘অবশ্যই এটা আমার কাছে বিশেষ কিছু, কারণ জাতীয় দলের হয়ে এটি আমার প্রথম গোল। আমি সত্যিই খুব আনন্দিত।’

নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি উৎসর্গ করে তিনি বলেন, ‘এই গোলটি দেশের মানুষের জন্য।’

আনিকা উদ্বোধনী গোলটি করলেও ম্যাচের ৬০ মিনিটে তাকে তুলে তহুরা খাতুনকে মাঠে নামানো হয়। এর আগে ৫৪ মিনিটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ২-২ সমতা ফিরিয়েছিল মালদ্বীপ।

দারুণ শুরুর পরও ম্যাচটি কেন এত কঠিন হয়ে উঠেছিল—জানতে চাইলে আনিকা বলেন, ‘আমার মনে হয় আমরা কিছুটা মনোযোগ হারিয়ে ফেলছিলাম এবং শুরুতে আমরা যতটা ক্ষুরধার ছিলাম, পরে ততটা ছিলাম না।’

ভবিষ্যতের জন্য আক্রমণভাগের ফিনিশিং নিয়ে কাজ করার তাগিদ অনুভব করছেন এই প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড।

আগামী ম্যাচে ভারতের মুখোমুখি হওয়া নিয়ে নিজেদের লক্ষ্য এখনই প্রকাশ করতে চাননি আনিকা। তারা প্রতিটি ম্যাচ ধরে আলাদাভাবে এগোতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ফিনিশিং ও ক্রসিং—দুটি জায়গাতেই ঘাটতি রয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে।’

 

Related Articles

Latest Posts