একদিনেই লেবাননের প্রায় ৫০ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের

একদিনেই দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা  হয়, গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে একের পর এক সতর্কবার্তা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায়, এসব এলাকায় হামলা চালানো হতে পারে। তাই বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়।

সবচেয়ে বড় নির্দেশনা দেওয়া হয় দক্ষিণ লেবাননের শহর নাবিতাহের বাসিন্দাদের। পুরো শহরের মানুষকে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও বলেছে, যেসব এলাকায় হামলার আশঙ্কা আছে সেখানকার মানুষকে জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে। নদীটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

এ ঘোষণার পর অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছে। কেউ গাড়িতে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ প্রয়োজনীয় জিনিসপত্র হাতে নিয়ে নিরাপদ স্থানের দিকে যাচ্ছেন।

ইসরায়েলের প্রকাশ করা তালিকায় দক্ষিণ লেবাননের বহু শহর ও গ্রামের নাম রয়েছে। এর মধ্যে আছে জেবশিত, কফর সির, মাজদাল সিলম, মারাকা, জুয়াইয়া, দেইর কিফাসহ আরও অনেক এলাকা।

বিশ্লেষকদের মতে, এত অল্প সময়ের মধ্যে এত বড় সংখ্যক মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ পরিস্থিতির ভয়াবহতার দিকেই ইঙ্গিত করছে। এতে নতুন করে বড় সংঘাতের আশঙ্কাও বাড়ছে।

Related Articles

Latest Posts