ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে চরম ব্যর্থতার দায়ে শনিবার প্রধান কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করা ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যানফিল্ডে দুই মৌসুম কাটানো এই ডাচ কোচ ‘অবিলম্বে প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেবেন’।
টানা বেশ কিছু বাজে পারফরম্যান্সের কারণে স্লটের ওপর খেপেছিলেন লিভারপুলের সমর্থকরা। এছাড়া, ক্লাবটির ড্রেসিংরুমেও কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল, যার মধ্যে মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ ছিলেন সবচেয়ে বেশি সোচ্চার।
বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘লিভারপুল এফসি নিশ্চিত করছে যে, আর্নে স্লট অবিলম্বে প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন এবং তার উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, লিভারপুলের এখন একটি নতুন দিকনির্দেশনা প্রয়োজন।
বিবৃতিতে অলরেডদের কর্তৃপক্ষ যোগ করেছে, ‘এই সিদ্ধান্তের ফলে এখানে আর্নের করা কাজ কিংবা তার প্রতি আমাদের যে সম্মান রয়েছে, তা কোনোভাবেই ম্লান হয়ে যায় না। কিংবা এটি তার প্রতিভার কোনো প্রতিফলনও নয়। বরং, এটি একটি ভিন্ন পন্থার প্রয়োজনীয়তারই ইঙ্গিত দেয়।’
ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই লিভারপুলকে ২০তম লিগ শিরোপা এনে দিয়েছিলেন ৪৭ বছর বয়সী স্লট। তবে এবারের মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেনি তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং নিজের নামের পাশে একটি প্রিমিয়ার লিগ শিরোপা নিয়ে আর্নে বিদায় নিচ্ছেন। এই নিশ্চয়তাও থাকছে যে, তিনি ও তার পরিবার সব সময় অ্যানফিল্ডে সাদরে আমন্ত্রিত হবেন।’
