চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) এম এ হান্নান ও বিএনপি নেতা লায়ন মো. হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেইটে হারুনুর রশিদের সমর্থকদের সঙ্গে হান্নানের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ বেশ কয়েকজন আহত হন।
সংসদ সদস্য এম এ হান্নান ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আগামীতে তাদের প্রতিহত করবো।’
অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা হারুনুর রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ওসি (তদন্ত) মো. আল আমিন তালুকদার বলেন, এখন পরিবেশ শান্ত আছে। তবে কেউ কোনো অভিযোগ করেননি।
