ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী, তিনজন পুরুষ। তারা সবাই অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মো. কাউছার মাতুব্বর (২৬), মাদারীপুর জেলার সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), তার ভাই আলমগীর হোসেন মোল্লা (৫৮), বোন খুরশিদা বেগম (৪৫) এবং নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার (৪৮)।

এর মধ্যে কাউছার মাতুব্বর ওই অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে। 

Related Articles

Latest Posts