বিসিবি নির্বাচন: ৩৩ প্রার্থীর মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন (ইসি) শনিবার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। যাচাই-বাছাই শেষে ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে ৩২টিই বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার প্রকাশিত তালিকায় একমাত্র গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই প্রার্থী আগামীকাল রোববার নির্ধারিত আপত্তি ও শুনানি প্রক্রিয়ার সময় ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। যদি তার মনোনয়নপত্র পুনর্বহাল না হয়, তবে ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর) ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ (জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হবেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর আরও চারজন কাউন্সিলরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়া একরকম নিশ্চিত। তারা হলেন— রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী (সবাই ক্যাটাগরি-১ থেকে) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩ থেকে)।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কেবল তিনটি বিভাগের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো— চট্টগ্রাম, খুলনা ও বরিশাল। এই বিভাগগুলোতে পরিচালক পদের সংখ্যার চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি। এই তিনটি সাব-ক্যাটাগরি থেকে মোট চারজন পরিচালক নির্বাচিত হবেন (চট্টগ্রাম বিভাগের দুজন, খুলনা বিভাগের দুজন ও বরিশাল বিভাগের একজন)।

ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৮ জন ক্লাব কাউন্সিলরের নামও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ক্যাটাগরি থেকে ১২ জন বিসিবি পরিচালক নির্বাচিত হবেন। মনোনয়নপত্র বৈধ হওয়ায় এই ১৮ জন প্রার্থীর সবাই নির্বাচনে অংশ নেওয়ার সবুজ সংকেত পেয়েছেন।

প্রার্থীরা হলেন— ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, মোহাম্মদ লুৎফর রহমান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম, মেজর ইমরোজ আহমেদ (অব.) ও মোহাম্মদ মাহমুদ-উর-রহমান।

প্রার্থীরা আগামী ২৫ মের মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং একই দিনে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোয়নপত্র বৈধ হওয়াদের মধ্য থেকে ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে।

Related Articles

Latest Posts