ভারতের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দেখা গেছে স্বস্তি, আত্মবিশ্বাস আর ইতিবাচকতার ছাপ। গত দুই দিনে দলকে ঘিরে যে চাপা উত্তেজনা ও আলোচনার আবহ তৈরি হয়েছিল, তার বদলে শনিবার সকালে গোয়ার অনুশীলন মাঠে দেখা যায় হাসিখুশি এক বাংলাদেশ দলকে।
ডন বস্কো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মাঠে উজ্জ্বল রোদে অনুশীলনের সময় খেলোয়াড়দের মধ্যে ছিল প্রাণবন্ত পরিবেশ। সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টা, ফিটনেস প্রশিক্ষক ক্যামেরন নিকোলাস লর্ডের সঙ্গে হালকা মেজাজের মুহূর্ত মিলিয়ে দলটিকে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে।
এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সাফল্যও। বাংলাদেশ ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। পাশাপাশি ভারতকে নিয়ে ভয় পাওয়ারও তেমন কোনো কারণ দেখছে না দলটি। কারণ দুই দলের সর্বশেষ দুই দেখাতেই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে ৩-০ এবং ২০২৪ সালে ৩-১ গোলে ভারতকে হারিয়েছিল তারা।
গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রধান কোচ পিটার বাটলারও ছিলেন বেশ স্বস্তিতে। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার দল প্রস্তুতির কোনো ঘাটতি রাখছে না।
প্রায় ৯০ মিনিটের অনুশীলন শেষে বাটলার বলেন, এই ম্যাচ তাদের জন্য আরও খেলার সুযোগ তৈরি করবে এবং দল হিসেবে নিজেদের অবস্থান দেখানোর মঞ্চ হবে। তার মতে, দলে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা মূল একাদশে জায়গার জন্য চাপ সৃষ্টি করছে। তাই ভালো ফুটবল খেলাই তাদের লক্ষ্য।
ভারতের বিপক্ষে ভিন্ন ভিন্ন কৌশল নিয়েও কাজ করেছে বাংলাদেশ। বাটলার জানান, দল ‘প্ল্যান এ’ ও ‘প্ল্যান বি’ দুই ধরনের প্রস্তুতিই নিয়েছে। শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করে মাঠে নামতে হয়, আর সেটিই করছে বাংলাদেশ।
দলের একাদশেও পরিবর্তনের আভাস দিয়েছেন এই ব্রিটিশ কোচ। তিনি নিশ্চিত করেছেন যে মনিকা চাকমা আবারও দলে ফিরবেন। একই সঙ্গে মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশামতো খেলতে না পারা ঋতুপর্ণা চাকমার প্রতিও পূর্ণ আস্থা রেখেছেন তিনি।
বাটলার বলেন, প্রতিটি ফুটবলারেরই কখনও কখনও খারাপ দিন আসে। তার মতে, ঋতুপর্ণা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার। বয়স কম হলেও তার সম্ভাবনা ও সামর্থ্য অসাধারণ। শুধু নিজের সেরাটা মাঠে তুলে ধরতে পারলেই পার্থক্য গড়ে দিতে পারে সে। পাশাপাশি মনিকার ফেরাও দলের জন্য ইতিবাচক খবর বলে উল্লেখ করেন তিনি।
যদিও দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে, তবুও ম্যাচটির গুরুত্ব কম নয়। গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নির্ধারণ হবে এই লড়াইয়ে। বিজয়ী দল সেমিফাইনালে শক্তিশালী নেপালের মুখোমুখি হওয়া এড়াতে পারে, যা ম্যাচটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
অন্যদিকে, গতবার বাংলাদেশের কাছে হেরে যাওয়া ভারতের তুলনায় এবারের দলটি বেশি ভারসাম্যপূর্ণ। সাম্প্রতিক আন্তর্জাতিক আসরগুলোতেও উন্নতির ছাপ দেখিয়েছে তারা। তবে বাটলারের বিশ্বাস, তার দল প্রতিপক্ষকে চাপে ফেলার মতো যথেষ্ট সামর্থ্য রাখে।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশ দল সম্পূর্ণ ভিন্ন এবং আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলে। দলে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছে। প্রয়োজন হলে তারা রক্ষণ সামলাতে পারে, সুযোগ তৈরি করতে পারে, আবার প্রতিপক্ষকে কাটিয়েও এগিয়ে যেতে পারে। অনেক সময় পার্থক্য গড়ে দেয় শুধু সুযোগ কাজে লাগানোর দক্ষতা।
বাংলাদেশের জন্য আরেকটি স্বস্তির খবর হলো, ভারতের তারকা ফরোয়ার্ড মনীষা কল্যাণ এই ম্যাচে খেলতে পারছেন না। পেরু প্রবাসী এই আক্রমণভাগের খেলোয়াড় আগামী ১ জুন ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে।
