মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

এশিয়া কাপের মঞ্চে দারুণ এক জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দল। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে তরুণরা।

জাপানের কাকামিগাহারার কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ইতিবাচক ফুটওয়ার্ক ও আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তার ফলও আসে দ্রুত।

ম্যাচের নবম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মুন্না ইসলাম। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে সফলভাবে বল জালে পাঠিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন তিনি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মালয়েশিয়া। ৩০তম মিনিটে ওপেন প্লে থেকে গোল করেন যোগেশ্বরান নাগুলান। তাতে বিরতির আগে ব্যবধান কমিয়ে ২-১ করে ফেলে তারা।

দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। ৪০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করেন মুন্না ইসলাম। তার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবারও এক গোলে নামিয়ে আনেন মালয়েশিয়ার আরিক আইদিল হাকিমি। ফলে শেষ দিকে কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ।

তবে শেষ হাসি হেসেছে লাল-সবুজের প্রতিনিধিরাই। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ওপেন প্লে থেকে গোল করেন জয় ইসলাম। তার সেই গোলেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।

 

Related Articles

Latest Posts