মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে ।
ভানুগাছ স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়তে পারে।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ লাইন থেকে ছিটকে পড়ে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
