গ্রামে, ঢাকায় ও বিদেশে কাটছে তারকাদের ঈদের ছুটি

ঈদের সময়টা অনেকেই নিজেদের মতো করে ছুটি কাটান তারকারা। এবারের ঈদের ছুটিতে কে কোথায় আছেন এবং কীভাবে সময় কাটাচ্ছেন, তা জানিয়েছেন বেশ কয়েকজন।

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী এবারের ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন। সম্প্রতি তিনি সেখানে গেছেন। প্রবাসে ঈদের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশের মাটিতে। ঈদের এই সময়টায় আপনজনদের খুব মিস করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবার ঈদ ভালো কাটুক।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও এবারের ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তার মতো আরেক অভিনেতা আবদুন নূর সজলও আছেন যুক্তরাষ্ট্রে। অনেক দিন পর দেশের বাইরে ঈদ করছেন তিনি। সজল বলেন, ‘বেশির ভাগ সময় ঈদের ছুটি দেশেই কাটাই, কিন্তু এবার প্রবাসে কাটছে। সবার আগে নিজের দেশ। মা-বাবাকে খুব মিস করছি। দেশে থাকা কাছের মানুষদেরও অনেক মিস করছি।’

অভিনেতা মামুনুর রশীদ ঈদের ছুটিতে গ্রামের বাড়ি টাঙ্গাইলে গেছেন। মায়ের সঙ্গে ঈদ করবেন তিনি। মামুনুর রশীদ বলেন, ‘টানা ১০ ঘণ্টার যানজট ঠেলে ঈদের ছুটিতে টাঙ্গাইল এসেছি। মাকে সময় দেব, ভাইবোনসহ পরিবারের সবাই একত্রিত হব। এই আনন্দ একেবারেই অন্য রকম।’

অভিনেতা ফজলুর রহমান বাবু ঈদের ছুটিতে নিজ শহর ফরিদপুরে গেছেন। প্রতি ঈদেই তিনি নাড়ির টানে বাড়ি ছোটেন। বাবু বলেন, ‘ঈদের ছুটিতে নিজের বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে। চেনাজানা সবার সঙ্গে দেখা হয়, সুন্দর সময় কাটাতে পারি।’

জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিকা আমিনও ঈদের ছুটিতে নিজ শহর রাজশাহীতে গেছেন। সেখানে মা-বাবার সঙ্গে টানা কয়েক দিন কাটাবেন তিনি। তানজিকা বলেন, ‘নিজের বাড়িতে আসা মানেই অন্য রকম ভালো লাগা ও শান্তি। এবার ঈদ এখানেই করব, বাবা-মায়ের সঙ্গে মনের মতো সময় কাটাব।’

জাহিদ হাসান ঈদের ছুটিতে ঢাকায় আছেন। তবে মা-বাবা যত দিন বেঁচে ছিলেন, তত দিন বেশির ভাগ ঈদ তিনি সিরাজগঞ্জে করেছেন। তিনি বলেন, ‘এবার ঈদের ছুটিতে ঢাকায় আছি। ঈদ সবার জন্য সুখ ও শান্তি বয়ে আনুক, ঈদের আনন্দ হোক সবার।’

অভিনয়শিল্পী সুমাইয়া শিমু এবারের ঈদে ঢাকায় আছেন। তিনি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার দুই সন্তান ও পরিবারের সবাইকে নিয়ে ঈদের সময় পার করব। সত্যি কথা বলতে, ছোটবেলায় আসল ঈদের আনন্দ করতাম। এখন সেই আনন্দ সন্তানদের দেখেই উদ্‌যাপন করি।’

Related Articles

Latest Posts