দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দিল্লিতে মিন অং হ্লাইং

মিয়ানমারের ‘বেসামরিক’ প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। সফরের গন্তব্য ভারত। ইতোমধ্যে নয়াদিল্লি পৌঁছে গেছেন হ্লাইং।

আজ শনিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

গুরুত্বপূর্ণ এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

দুই দেশের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই সফরে মিন অং হ্লাইং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে লাল গালিচা দিয়ে হ্লাইংকে স্বাগত জানানোর ছবি প্রকাশ করেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘এই সফর আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী আধ্যাত্মিক, ঐতিহাসিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক এবং চলমান সহযোগিতার গভীরতাকেই প্রতিফলিত করে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন হ্লাইং। 
এরপর তিনি মুম্বাই সফর করবেন।

শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়সওয়াল বলেন, ‘দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘সফরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিকও রয়েছে। দুই দেশ কীভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে, তা নিয়েও আলোচনা হবে।’

নয়াদিল্লির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৯৫ কোটি ডলার (২৩ হাজার ৯৮৫ কোটি টাকা)।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর গত এপ্রিলে মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি বেসামরিক পদে থেকেও দেশটির নেতৃত্ব ধরে রাখেন।

হ্লাইংয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশ চীন, ভারত, থাইল্যান্ডের প্রতিনিধিদের পাশাপাশি আরও ২০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts