বগুড়ায় ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সেলিম ফকির (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ভোররাতে উপজেলার ছাতুয়া মাতালপাড়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

সেলিমের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার তিনকুঞ্জ গ্রামে।

শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, সেলিমের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

গোপালের পুত্রবধূ পূর্ণিমা সাহা স্থানীয় সাংবাদিকদের জানান, দুই চোর দেয়ালের নিচ দিয়ে সিঁধ কেটে তাদের বাড়িতে প্রবেশ করে।

পূর্ণিমার অভিযোগ, ঘরে ঢুকে দুজন তাকে ও তার ছোট শিশুকে ছুরির মুখে জিম্মি করে। তারা নগদ সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তার পরে থাকা গয়নাও নিয়ে যায়।

‘তারা পালানোর চেষ্টা করলে আমরা চিৎকার শুরু করি। আমার দেবর একজনকে ধরার চেষ্টা করে। পরবর্তীতে গ্রামবাসী একজনকে আটক করতে সক্ষম হয়,’ বলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই সেলিম ফকিরের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে তিন চোর সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। চুরির পর পালানোর সময় সেলিম ফকিরকে জনতা ধরে ফেলে। গ্রামবাসীর মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। চুরির ও গণপিটুনিতে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানান এই পুলিশ কর্মকর্তা।

Related Articles

Latest Posts