বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পাটমন্ত্রী

দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর এক্ষেত্রে দীর্ঘমেয়াদে আখচাষি, শ্রমিক ও মিলগুলোর লাভজনক পরিচালনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে অধীন পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই মিলগুলো দেশের মানুষের সম্পদ। তাই এগুলোর কার্যকর ও সৎ ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা চাই, বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরুক, কর্মসংস্থান সৃষ্টি হোক এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনুক।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে।’

‘অধিকাংশ চিনিকলের বয়স ৫০ থেকে ৭০ বছর অতিক্রম করায় আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া সেগুলোর কার্যকর পুনরুজ্জীবন সম্ভব নয়।’

১৯৬৬-৬৯ সালে দৈনিক ১ হাজার ১৬ মেট্রিক টন আখ মাড়াই ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হয় পঞ্চগড় সুগার মিলস লিমিটেড। ১৯৬৯-৭০ সালে চূড়ান্ত উৎপাদন কার্যক্রম শুরু করে। ২০০৫-২০০৬ অর্থবছরের পর থেকে ব্যয় বৃদ্ধি, আখের উৎপাদন কমে যাওয়াসহ নানা কারণে লোকসান গুনতে শুরু করে কারখানাটি।

২০২০ সালে এসে লোকসান বেড়ে দাঁড়ায় ৪৩০ কোটি টাকায়। ওই বছরের ডিসেম্বরে দেশের ছয়টি কারখানার সঙ্গে পঞ্চগড় চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করে সরকার।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘চালা ঠিক না করে চিনি বানালে বৃষ্টি এলে সব শরবত হয়ে যাবে।’

‘কোনো কোনো মিলে নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চালু করতে হবে, কোথাও অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও বিবেচনা করতে হবে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘একটি শিল্পকারখানা সচল থাকলে শুধু সরাসরি শ্রমিক নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।’

‘তাই বন্ধ মিলগুলো পুনরায় চালু করা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও দারিদ্র্য হ্রাসের জন্য গুরুত্বপূর্ণ,’ বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পঞ্চগড় সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান ও আখচাষিদের প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts