বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময়সীমা: আপনার যা জানা প্রয়োজন

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে পাঁচ সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। ফুটবলের সবচেয়ে বড় এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর চূড়ান্ত স্কোয়াডে কোন তারকারা জায়গা করে নেবেন, তা দেখার অপেক্ষায় আছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বর্ধিত পরিসরে ৪৮ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১১ জুন। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো।

টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড জমা দেওয়া, ক্লাব থেকে খেলোয়াড়দের ছুটি প্রদান এবং চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার সময়সীমাগুলো ইতোমধ্যে নির্ধারণ করেছে ফিফা।

১১ মে: প্রাথমিক স্কোয়াড ঘোষণা

অংশগ্রহণকারী সকল দেশকে অবশ্যই ১১ মের মধ্যে ফিফার কাছে একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। সেখানে দলগুলো অন্তত চারজন গোলরক্ষকসহ ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রাথমিক তালিকাটি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের আনুষ্ঠানিক পুল হিসেবে কাজ করবে। এর মানে হলো, বিশ্বকাপ শুরুর আগে চোটের কারণে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হলে তা অবশ্যই এই তালিকা থেকে হতে হবে। ফিফা অবশ্য এই প্রাথমিক স্কোয়াডগুলো প্রকাশ করবে না।

এছাড়া, দলগুলো কোচ, মেডিকেল স্টাফ ও কর্মকর্তাসহ সর্বোচ্চ ৭৫ জনকে নিবন্ধন করতে পারবে।

২৫ মে: ক্লাবগুলো থেকে খেলোয়াড়দের ছুটি প্রদান

আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য ২৫ মের মধ্যে ক্লাবগুলোকে তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে। এটি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের সূচনা হিসেবে বিবেচিত হবে।

তবে মহাদেশীয় টুর্নামেন্টগুলোর ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটবে। এর মধ্যে রয়েছে ৩০ মে অনুষ্ঠেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ২৮ মে অনুষ্ঠেয় উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল এবং ৩০ মে অনুষ্ঠেয় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল।

১ জুন: চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়া

বিশ্বকাপে অংশগ্রহণকারী জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে অবশ্যই ২৫ মে থেকে ১ জুনের মধ্যে তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড জমা দিতে হবে।

দলগুলো কমপক্ষে তিনজন গোলরক্ষকসহ ২৬ জন খেলোয়াড়কে এই তালিকায় রাখতে পারবে। চোট ও টানা খেলার ধকল সামলাতে সবশেষ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো চূড়ান্ত স্কোয়াডে ২৬ জন রাখার বিধান চালু করা হয়। এর আগে ২৩ জনকে রাখা যেত।

শুধু গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন করা যাবে। তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক তালিকা থেকে আসতে হবে।

২ জুন: স্কোয়াডের আনুষ্ঠানিক ঘোষণা

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২ জুন আনুষ্ঠানিকভাবে ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবে।

কোনো দেশ চাইলে তাদের স্কোয়াড আগেই ঘোষণা করতে পারে। তবে কেবল ফিফার অনুমোদনের পরেই সেগুলো আনুষ্ঠানিক হিসেবে বিবেচিত হবে।

গোলরক্ষকদের ক্ষেত্রে বিশেষ নিয়ম প্রযোজ্য। গুরুতর চোট বা অসুস্থতার কারণে টুর্নামেন্টের যেকোনো পর্যায়ে তাদেরকে পরিবর্তন করা যাবে। এক্ষেত্রেও শর্ত হলো, বদলি গোলরক্ষককে অবশ্যই প্রাথমিক স্কোয়াড থেকে আসতে হবে।

দলগুলোর ভ্রমণ ও খেলোয়াড়দের পরিসংখ্যান

ফিফার নিয়ম অনুযায়ী, দলগুলোকে নিজ নিজ গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের কমপক্ষে পাঁচ দিন আগে তাদের জন্য নির্ধারিত স্বাগতিক দেশে (যুক্তরাষ্ট্র কিংবা মেক্সিকো কিংবা কানাডা) পৌঁছাতে হবে।

প্রতিটি দেশ সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নেওয়ার অনুমতি পাওয়ায় এই টুর্নামেন্টে সব মিলিয়ে ১২৪৮ জন ফুটবলার অংশ নিতে পারে। এটি হবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক খেলোয়াড়ের সমাগম।

Related Articles

Latest Posts