হোয়াইট হাউসের কাছে গুলি: ভেতরে ছিলেন ট্রাম্প, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী গুলি চালালে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে তিনি নিহত হন। 

এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে এক পথচারীও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে জানান, ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন এবং তিনি ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে আলোচনার কাজে ব্যস্ত ছিলেন। তবে এই ঘটনায় প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি।

তিনি জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীর কাছে এক ব্যক্তি তার ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলিবর্ষণ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

গুগলিয়েলমি আরও বলেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন বন্দুকধারী গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় একজন পথচারীও আহত হয়েছেন।

তবে ওই পথচারীর বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। গোলাগুলির ঘটনায়  সিক্রেট সার্ভিসের সদস্যরা নিরাপদেই আছেন।

ঘটনার পরপরই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। ওয়াশিংটন শহরের প্রাণকেন্দ্রের ওই এলাকায় প্রবেশের সময় এএফপির একজন সাংবাদিককে বাধা দেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।

কানাডীয় পর্যটক রিড আদ্রিয়ান এএফপিকে বলেন, আমরা ২০ থেকে ২৫টির মতো শব্দ শুনতে পাই যা অনেকটা আতশবাজির মতো মনে হয়েছিল, কিন্তু আসলে সেগুলো ছিল গুলির শব্দ। এরপরই সবাই দৌড়াতে শুরু করেন।

সেই সময় হোয়াইট হাউসের উত্তর লনে থাকা সাংবাদিকরা জানান, তাদের দ্রুত দৌড়ে গিয়ে প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এবিসি নিউজের প্রতিনিধি সেলিনা ওয়াং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও রেকর্ড করছিলেন। তখনই গোলাগুলি শুরু হয়।

মাটিতে শুয়ে পড়ার সময় তার ভিডিওতে গুলির শব্দ ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, মনে হচ্ছিল কয়েক ডজন গুলি ছোড়া হয়েছে।

ট্রাম্পকে ‘হত্যা’র একাধিক চেষ্টা

৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের ওপর এ পর্যন্ত তিনবার কথিত হত্যাচেষ্টা হয়েছে। এর মধ্যে সবশেষ ঘটনাটি ঘটে গত ২৫ এপ্রিল। সেদিন এক সশস্ত্র ব্যক্তি একটি হোটেলের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

সেই সময় ট্রাম্প সেখানে একটি মিডিয়া গালা অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। তবে ওই ব্যক্তি ট্রাম্প কিংবা অনুষ্ঠানে উপস্থিত অন্য কোনো অতিথির কাছাকাছি পৌঁছাতে পারেননি।
এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারের এক নির্বাচনী জনসভায় ট্রাম্প হামলার শিকার হন। একজন বন্দুকধারী সেখানে গুলি চালালে একজন দর্শক নিহত হন এবং তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের কানে সামান্য আঘাত লাগে।

এর কয়েক মাস পর, ওয়েস্ট পাম বিচে ট্রাম্প যখন গলফ খেলছিলেন, তখন সেখান থেকে আরেকজন সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সন্ধ্যার গুলিবর্ষণের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  রিপাবলিকান নেতারা এক বার্তায় বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ আছেন। সিক্রেট সার্ভিসের সাহসিকতার জন্য আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই রাজনৈতিক সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।’

নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের পরিকল্পনা করেছেন। গত বছর পুনরায় দায়িত্ব নেওয়ার পর তিনি এজন্য হোয়াইট হাউসের ‘ইস্ট উইং’ ভেঙে ফেলেন।

প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণের এই প্রকল্পে ড্রোন হামলা ঠেকানোর বিশেষ ব্যবস্থা থাকবে। এ ছাড়া মাটির নিচে থাকবে ছয়টি তলা, যেখানে একটি উন্নত সামরিক হাসপাতালও তৈরি করা হবে।

Related Articles

Latest Posts