৫ মামলায় জামিন পেলেন সাংবাদিক শাকিল আহমেদ, ৬ মামলায় ফারজানা রুপা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনার প্রেক্ষিতে দায়ের করা পাঁচটি মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল আহমেদ এবং ছয়টি মামলায় তার স্ত্রী জেষ্ঠ সাংবাদিক ফারজানা রুপাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া আদালত আলাদা রুল জারি করে রাষ্ট্রপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন যে, কেন এই মামলাগুলোতে তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না।

একটি মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন এবং ওই মামলায় কেন শাকিল ও রুপাকে জামিন দেওয়া হবে না, রাষ্ট্রপক্ষের কাছে তা জানতে চেয়ে দুটি পৃথক রুল জারি করেছেন।

ফলে এই সাংবাদিক দম্পতি কারাগার থেকে এখন মুক্তি পাচ্ছেন না।

শাকিল ও রুপার দায়ের করা ১৩টি জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন এবং এসব রুল জারি করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঢাকার একটি আদালত এই দম্পতিকে কারাগারে পাঠান।

ওই বছরের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একদিন পর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিমের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ডে পাঠান।

২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আবারো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

Related Articles

Latest Posts