বগুড়ার বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান নামে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা ও তার চার বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুরে বনানী এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, একটি গাড়ির ধাক্কায় আনিসুর রহমান ও তার মেয়ে পুষ্প নিহত হন। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছিল তা শনাক্ত করা সম্ভব হয়নি।
আনিসুরের স্ত্রী আয়েশা বেগম (২৫) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত আনিসুর রহমান রংপুরের মাহিগঞ্জ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।’
পুলিশ জানিয়েছে, আনিসুর রহমানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়।
বগুড়ার শেরপুর উপজেলার হাইওয়ে থানার পরিদর্শক রইচ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘আনিসুর রহমান মোটরসাইকেলে স্ত্রী-কন্যাকে নিয়ে সকালে পাবনা যাচ্ছিলেন। বগুড়ার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে যান। ঘটনাস্থলেই আনিসুর ও তার মেয়ে নিহত হন। আনিসুরের স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’
‘মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ,’ বলেন রইচ উদ্দিন।
