২ রানে ৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বোলিংয়ের এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব। টি-২০ বিশ্বকাপ সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ারে রবিবার (২৪ মে) বল হাতে এই অবিস্মরণীয় কীর্তি গড়েছেন বতসোয়ানার মিডিয়াম পেসার নাবিল মাস্টার। মালিকে একাই গুঁড়িয়ে দিয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ইতিহাসের সবচেয়ে কিপটে বোলিংয়ে ৬ উইকেট নেওয়ার নতুন নজির গড়েছেন তিনি।

বতসোয়ানার রাজধানী গ্যাবোরনের ‘বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১’ মাঠে মালির বিপক্ষে ম্যাচটিতে টসে হেরে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বতসোয়ানা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা ম্যাচে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আসল ম্যাজিক দেখান ডানহাতি এই মিডিয়াম পেসার। নিজের প্রথম ওভারটি তিনি করেন মেডেন।

অষ্টম ওভারে যখন দ্বিতীয়বার বল করতে আসেন মাস্টার, তখন মালির সংগ্রহ ৪ উইকেটে ১৮ রান। সেই ওভারের প্রথম বলেই উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনে ধস নামান তিনি। ওভারের বাকি সময়ে নেন আরও দুটি উইকেট। এরপর নিজের তৃতীয় ওভার অর্থাৎ ম্যাচের দশম ওভারে আরও ৩টি উইকেট তুলে নিয়ে মাত্র ২৪ রানেই মালির ইনিংসের সমাপ্তি ঘটান।

সব মিলিয়ে ২.৪ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ২ রান খরচায় নাবিল মাস্টার নেন ৬টি উইকেট। তার বোলিং ফিগার দাঁড়ায় ২.৪-১-২-৬। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগে এত কম রান দিয়ে কেউ ৬ উইকেট নিতে পারেননি। এই অবিশ্বাস্য স্পেলের মাধ্যমে তিনি সিঙ্গাপুরের হার্ষা ভরদ্বাজের (৬-৩) রেকর্ডটি ভেঙে নিজের করে নিলেন।

মজার বিষয় হলো, নাবিল মাস্টারের নেওয়া ৬টি উইকেটই এসেছে টানা দুই বলে উইকেট নেওয়ার তিনটি ভিন্ন জোড়ার মাধ্যমে—অর্থাৎ ৭.১ ও ৭.২ ওভারে, ৭.৬ ও ৯.১ ওভারে এবং ৯.৩ ও ৯.৪ ওভারে। ২৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বতসোয়ানা কোনো উইকেট না হারিয়েই অনায়াসে জয় তুলে নেয়।

 

Related Articles

Latest Posts