রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-বাবাসহ একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৪টার দিকে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ভাইবাছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপ্পল বাপ্পী চাকমা দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত শিশুর নাম উজ্জল চাকমা। আহতরা হলেন—শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, দাদা প্রদীপ চাকমা, দাদি মায়া রানী চাকমা, চাচা জেরিং চাকমা ও নিঝুম চাকমা।
ডা. রিপ্পল বাপ্পী চাকমা বলেন, ‘বজ্রপাতের বিকট শব্দে হৃৎক্রিয়া বন্ধ হয়ে শিশুটি মারা গেছে বলে ধারণা করছি। আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসা শেষে পাঁচজন ফিরে গেছেন। এখনো একজন ভর্তি আছেন।’
সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
