টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ছয়জনের জানাজা নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে একসঙ্গে হয়েছে। সকাল পৌনে ১১টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ধানখেতে জানাজা হয়।
নিহত ওই ছয়জন হলেন রাজেন্দ্রবাটি গ্রামের সুলতানের ছেলে মো. তারেক (২১), আবদুর রশিদের ছেলে আবদুল বারেক (২৪), আবদুর রহিমের ছেলে মো. বাদশা মিয়া (২৮), একাব্বরের ছেলে সোহাগ (২১), সাকিমের ছেলে সাগর (২২) ও শহিদুলের ছেলে রবিউল (২৬)।
গতকাল গভীর রাতে নিহত ব্যক্তিদের লাশ গ্রামে এসে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। জানাজায় এলাকার মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
সোমবার নোয়াখালী ও ফেনী থেকে একটি রডবোঝাই ট্রাকে করে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে দুর্ঘটনা ঘটে। যমুনা সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। যারা মারা যান তাদের মধ্যে মান্দার তিন গ্রামের মোট নয়জন ছিলেন। তারা পেশায় ফেরিওয়ালা।
রাজেন্দ্রবাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, এর আগে এই এলাকায় কখনো একসঙ্গে এত মানুষের জানাজা হয়নি। ঈদের আগে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের যারা বাইরে ছিলেন, তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন।
গ্রামের পাশে শিব নদের বুকে একটি কবরস্থানে ছয়জনের একসঙ্গে দাফন হচ্ছে।
দুর্ঘটনায় রাজেন্দ্রবাটির পাশের পাকুড়িয়া গ্রামের দুই ভাই মাইনুল (২৭) ও গিয়াস উদ্দিন (২২) এবং মুর্শিদপুর গ্রামের মইনুর ইসলাম (৩০) নিহত হয়েছেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার জাহান সাথী জানান, গতকাল রাতেই ওই তিনজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
