মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি লালন আশ্রমে হামলায় এক ফটোসাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান আলোকচিত্রী ও লালন সাঁই আশ্রমের (পদ্মহেম ধাম) পরিচালনা কমিটির সভাপতি কবির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত বাকি দুজন হলেন—কবিরের স্ত্রী উম্মে সালমা রুবি ও ছোট ভাই তাকবির হোসেন।
পুলিশ ও রুবির অভিযোগ অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে দোসরপাড়া গ্রামের ওই আশ্রমে এ হামলা চালানো হয়।
আহত কবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৬ মাস ধরে তারা আমাকে আশ্রম থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দিয়ে আসছে।’
তিনি বলেন, ‘আজ ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীরের নেতৃত্বে একদল লোক আশ্রমে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা দা দিয়ে আমার মাথায় কোপ দেয়। এতে আমি গুরুতর আহত হই।’
‘তারা চরমপন্থী ধরনের লোক’ বলে দাবি করেন কবির।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা আশ্রমে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কবির হোসেনকে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বাধা দিতে গেলে তার ভাই ও স্ত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কবিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতলের একটি সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, কবিরের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর মাদবর লতব্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
এ ঘটনায় জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।
জাহাঙ্গীরের ভাই মোহসীন মাদবর ডেইলি স্টারকে বলেন, ‘কবির হোসেন আমাদের আত্মীয়। কিন্তু তিনি লালনের আখড়া স্থাপনের নামে আমাদেরসহ আশপাশের অনেকের জায়গা-জমি দখল করেছেন। লালন আখড়ায় একটি গেট বসিয়ে গ্রামের রাস্তা বন্ধ করে দিয়েছে। এসব নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে মতবিরোধ চলছে।’
হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ আগে কবিরের ভাই হামলা করেছে। তারপর এ ঘটনা ঘটেছে।’
ওসি আব্দুল হান্নান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় কবিরের স্ত্রী রুবি আটজন নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ একজনকে আটক করেছে। হামলায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
