ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদীতে বেইলি ব্রিজ ধসে পড়ায় তারাকান্দাসহ জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলাটি।
আজ রোববার ভোরে গোয়াতলা বাজার এলাকায় ব্রিজটিতে বালুবোঝাই ট্রাক ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে।
ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাড়ের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কংস নদীর ওপর নির্মিত এই সেতুটি ধোবাউড়া উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ও ময়মনসিংহ সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শতশত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন।
স্থানীয়রা জানায়, পুরোনো এই সেতুটির বিভিন্ন অংশ আগেই জরাজীর্ণ হয়ে পড়েছিল। প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা না নেওয়ায় দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শেষ পর্যন্ত আজ এটি ধসে পড়ল।
তারা জানান, ট্রাকসহ ব্রিজটি ধসে গিয়ে নদীর শুকনো অংশে পড়ায় অনেকে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ব্রিজ দিয়ে নদী পার হচ্ছেন। তবে কোনো গাড়ি চলাচলের সুযোগ না থাকায় জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ ও মালামাল পরিবহনে সংকট সৃষ্টি হয়েছে।
ইউএনও জানান, প্রায় ১০ বছর আগেই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। ব্রিজটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
