পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ভারতে শুরু হওয়া আন্দোলন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
আজ রোববার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
দিপকে দাবি করেন, আগের দিন দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত তাদের বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নিয়েছেন এবং আন্দোলনটি এখন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, ‘যন্তর মন্তরের কর্মসূচি সফল হয়েছে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা এক পা-ও পিছিয়ে যাব না। আন্দোলনের পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।’
দ্য হিন্দু জানায়, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির ব্যানারে শত শত বিক্ষোভকারী জড়ো হন। তারা পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় দিপকে সমর্থকদের উদ্দেশে ‘ভয় না পাওয়ার’ আহ্বান জানান।
পরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্ররা জানান, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা বা তার স্বেচ্ছায় পদত্যাগের জন্য তারা এক সপ্তাহ অপেক্ষা করবেন। এরপর দেশজুড়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এই বিক্ষোভের আহ্বানকারী দিপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার হাতে বি. আর. আম্বেদকরের আত্মজীবনীর একটি কপি দেখা যায়। পরে দিল্লি পুলিশের অনুমতি নিয়ে তিনি যন্তর মন্তরে যোগ দেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, কর্মসূচিতে অংশ নেওয়া অনেক বিক্ষোভকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিসংবলিত পোস্টার ও ককরোচের মুখোশ বহন করেন। মুখোশগুলো কর্মসূচিস্থলেই বিতরণ করা হয়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির পাশাপাশি বিক্ষোভকারীরা শাসক ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘হিন্দু-মুসলিম রাজনীতি’ বন্ধ করার আহ্বান জানিয়ে স্লোগান দেন। একইসঙ্গে তারা ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও দেন।
প্রতিবেদন অনুযায়ী, এই আন্দোলন এখন জাতীয় পর্যায়ে বিস্তারের প্রস্তুতি নিচ্ছে সিজেপি।
