ইসরায়েল-ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

এপ্রিলের পর প্রথমবার একে অপরের ওপর সরাসরি হামলা চালানোর পর ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে।’

বিবিসি জানায়, এর আগে ইরানের হামলার জবাবে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে বিভিন্ন মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

সে সময় তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন এবং প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

আল জাজিরা ও বিবিসির তথ্য অনুযায়ী, আজ সোমবার ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের কয়েকটি শহরে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর দেশটির রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

লেবাননে হামলার মাধ্যমে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, এমন অভিযোগ তুলে এর আগে উত্তর ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) জানায়, এই হামলা টানা সপ্তাহব্যাপী আক্রমণের সূচনা মাত্র।

Related Articles

Latest Posts