জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের কানাডা পর্বের উন্মাদনা। সেখানে পারফর্ম করেছেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে ও অ্যালেসিয়া কারা। পাশাপাশি ছিলেন টরন্টোতে বেড়ে ওঠা দুই শিল্পী জেসি রেয়েস ও নোরা ফাতেহি। আরও পারফর্ম করেছেন ফরাসি হিপ হপ গায়ক ভেজেড্রিম, বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়, ম্যানিটোবার আদিবাসী শিল্পী উইলিয়াম প্রিন্স ও ফিলিস্তিনি গায়ক-গীতিকার এলিয়ানা।
মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হওয়ার পরদিন শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডার এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে এটি ছিল দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। তৃতীয় ও শেষটি আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
