টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

আগের ম্যাচে বাউন্সারে মাথায় আঘাত পাওয়া নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেখা গেল না টসে। তাকে বিশ্রাম দেওয়ায় এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তিনি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম দুই ওয়ানডেতেই টস হেরেছিল বাংলাদেশ। টস হারলেও ম্যাচ জেতায় সিরিজও নিশ্চিত হয়ে যায়। এবার তাই হোয়াইটওয়াশের মিশনে রোববার পক্ষে এল টস ভাগ্য।

মিরাজের খেলা নিয়ে শঙ্কা থাকায় আগের দিন স্কোয়াডে আসা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান একাদশে ঢুকেছেন। ফলে রিশাদ হোসেনের সুযোগ এবারও হয়নি। এছাড়া গতিময় পেসার নাহিদ রানাকে বসিয়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে খেলাচ্ছে স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া ম্যাথু শর্টকে বসিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে আসার আগেও তিনি পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন, কাজেই টানা তিন শূন্যের পর জায়গা হারিয়েছেন তিনি। এছাড়া ন্যাথান এলিসকে বিশ্রাম দিয়ে বেন ডোয়ারশুইসকে খেলাচ্ছে তারা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: কুপার কনলি, জশ ইংলিশ, ম্যাট রেনশ, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ওলি পিক, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, রাইলি মেরেডিথ ও অ্যাডাম জাম্পা।

Related Articles

Latest Posts