ম্যাচের দ্বিতীয় মিনিটেই মাতিয়াস গালার্জার গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর দুই দলই পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে প্রথমার্ধের শেষদিকে অধিনায়ক মিগেল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় চাপে পড়ে দক্ষিণ আমেরিকার দলটি। তবুও সংগঠিত রক্ষণ আর গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত এক গোলের সেই ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় প্যারাগুয়ে।
শনিবার সানফ্রানসিসকোর বে এরিয়া স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই হারের ফলে নাটকীয় কিছু না ঘটলে তুরস্কের নকআউট পর্বে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।
বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল প্যারাগুয়ে। ঘরের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দলগুলোকেও হারিয়ে দেয় তারা। তবে আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হতাশাজনক পরাজয়ে চাপে পড়ে দলটি। সেই ধাক্কা কাটিয়ে তুরস্কের বিপক্ষে জয় তুলে নিয়ে আবারও লড়াইয়ে ফিরল তারা।
একজন কম নিয়ে পুরো দ্বিতীয়ার্ধ খেলতে হওয়ায় স্বাভাবিকভাবেই রক্ষণাত্মক কৌশল নিতে বাধ্য হয় প্যারাগুয়ে। ম্যাচে মাত্র ২১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তারা। গোলমুখে ৭টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। অন্যদিকে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখানো তুরস্ক ৩২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৫টি। সুযোগের পর সুযোগ তৈরি করেও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তুর্কিদের।
বিস্তারিত আসছে…
