আবারও চোটের ধাক্কা আর্জেন্টিনা স্কোয়াডে

ইনজুরি যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। এরই মধ্যে লিওনার্দো বালের্দি ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে, নিকোলাস টালিয়াফিকোকে নিয়েও আছে সংশয়। ইনজুরি তালিকায় এবার নতুন সংযোজন গঞ্জালো মন্তিয়েল। ডান হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই রাইট ব্যাক।

চোটের কারণে গত দুদিন পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা মন্তিয়েল। অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে তার জায়গা নিতে পারেন নাহুয়েল মলিনা। 

টুর্নামেন্ট শুরুর আগে কানসাসে দলের ক্যাম্পে যোগ দেয়ার সময়ও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন মন্তিয়েল। তবে সেটি ছিল বাঁ পায়ের হ্যামস্ট্রিং। এবার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়েও চোট পেয়েছেন গত বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। 

চোট সমস্যার কারণে গ্রুপ পর্ব শুরুর আগে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মন্তিয়েল। আইসল্যান্ডের বিপক্ষেও শেষ প্রস্তুতি ম্যাচে শুধু দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। 

অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে না থাকলেও ম্যাচের আগের দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেন মন্তিয়েল। জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে সেরে ওঠার জন্য এক সপ্তাহ সময় পাচ্ছেন তিনি।  

Related Articles

Latest Posts