সৌদির বিপক্ষেও ইয়ামালকে পুরো ম্যাচে পাবে না স্পেন

কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে লামিন ইয়ামাল মাঠে নামার আগে পর্যন্ত তার অভাব ভালোভাবেই টের পেয়েছে স্পেন। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লামিনকে সেদিন শুরু থেকে খেলাননি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনও হারিয়েছে মূল্যবান পয়েন্ট। সৌদি আরবের বিপক্ষে তাই জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই স্পেনের সামনে। তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচেও শুরু থেকে লামিনকে পাবে না স্প্যানিশরা। 

১৮ বছর বয়সী এই উঠতি তারকা নিজেই বলেছেন, এখনো পুরো ম্যাচ খেলার মতো ফিট নন তিনি। পুরোপুরি ফিট হওয়ার আগে ৯০ মিনিট খেলাকে ‘অপ্রয়োজনীয়’ও মনে করছেন এই বার্সেলোনা তারকা। 

স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে গতকাল শুক্রবার লামিন বলেছেন, ‘এখনো আমার পুরো ম্যাচ খেলার সময় আসেনি। তবে কোচ যতক্ষণ চাইবেন ততক্ষণ মাঠে থাকতে আমি প্রস্তুত’। এর আগে কোচ দে লা ফুয়েন্তে বলেছিলেন, আটলান্টায় রবিবার সৌদি আরবের বিপক্ষে এক ঘণ্টা খেলার মতো ফিট আছেন লামিন ইয়ামাল। 

কেপ ভার্দের বিপক্ষে ৭১ মিনিটে মাঠে নামলেও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি ইয়ামাল। তবে তার স্পেন ও বার্সেলোনা সতীর্থ পাউ কুবারসি ঠিকই দরকারের সময় ইয়ামাল জ্বলে উঠবেন বলে বিশ্বাসী, ‘আমরা সবাই ইয়ামালের সম্পর্কে জানি। সে পুরো সময় খেলুক বা না খেলুক, আমাদের সম্ভাব্য সব উপায়ে সে সহযোগিতা করবে। লামিনের জায়গায় অন্য কেউ খেললে সেও সেরা পারফরম্যান্সই দেবে’। 

গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয়টা বিশেষভাবে দরকার ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। বিস্ময়কর হলেও সত্য, চ্যাম্পিয়ন হওয়ার পরের তিন আসর মিলিয়ে মাত্র তিনটি ম্যাচ জিততে পেরেছে স্পেন! এবার টুর্নামেন্টের আগেই অন্যতম ফেভারিট তকমা পাওয়া স্পেন তাই এই পরিসংখ্যান বদলাতে মরিয়া থাকবে। 

Related Articles

Latest Posts