বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার রাতেই আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন লিওনেল মেসি। তার একমাত্র গোলে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
সোমবার ডালাসে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মেসি। ফলে কিছুটা হতাশাই ঘিরে ধরেছিল আর্জেন্টিনা শিবিরকে।
শুধু তাই নয়, এর কিছুক্ষণ পর একটি নিশ্চিত গোলও মিস করেন মেসি। গোলরক্ষক বরাবর শট নিয়ে মিস করেন। ৩১তম মিনিটে এঞ্জো কাছ থেকে বল পেয়ে আরও একটি বড় সুযোগ হাতছাড়া করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
তবে অধিনায়ক বেশিক্ষণ অপেক্ষা করাননি সমর্থকদের। প্রথমার্ধের ৩৮তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোলটি পায় আর্জেন্টিনা। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার নিচু ক্রস বক্সে পৌঁছালে চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দেন থিয়াগো আলমাদা। বল স্পর্শ না করে ছেড়ে দেন তিনি। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠান মেসি।
এই গোলটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ১৭তম গোল। এর মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন আর্জেন্টাইন মহাতারকা।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন তিনি।
