পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও ধর্মীয় অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য বজায় রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।
এতে বলা হয়েছে, আগামী শুক্রবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পবিত্র আশুরার তাজিয়া মিছিল বের করা হবে। মিছিলে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ রামদা, ছুরি, কাঁচি, বল্লম, বর্শা, তলোয়ার ও লাঠিসোঁটার মতো জিনিসপত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মিছিলে এসব ধারালো অস্ত্র বা লাঠিসোঁটা বহনের কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এটি নগরবাসীর মনে আতঙ্ক ও ভয় তৈরি করে, যা জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো পবিত্র এই দিনটির ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের পরিপন্থী হওয়ায় এগুলোও নিষিদ্ধ করা হয়েছে।
