রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় প্রাণী বৈচিত্র্য বৃদ্ধি ও দর্শনার্থী আকর্ষণে দক্ষিণ আফ্রিকা থেকে জোড়া কমন ইল্যান্ড ও ওয়াইল্ড বিস্ট আনা হয়েছে।
আজ মঙ্গলবার চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণীগুলোকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম অ্যান্টিলোপ বা হরিণজাতীয় প্রাণীগুলোর মধ্যে অন্যতম। আর ওয়াইল্ডবিস্ট আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী একটি সুপরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রাণীর সংযোজন সেই উদ্যোগেরই একটি অংশ।
তিনি বলেন, নতুন এ প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, তেমনি দেশের প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে।
