ঘানাকে হারাতে পারল না ইংল্যান্ড

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচেই খেই হারালো। এলোমেলো ফুটবল উপহার দিয়ে ঘানার জালে বল ঢুকাতে পারল না তারা। ফলে গ্রুপ সেরা হতে অপেক্ষায় থাকতে হলো তাদের। 

গত রাতে টমাস তুখেলের দল ঘানার সঙ্গে ‘০-০’ গোলে ড্র করেছে। গ্রুপ ‘এল’ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে হলে তাদের এখন আরও খাটতে হবে।

ম্যাচের শেষ দিকে নিকো ও’রাইলির একটি হেড বারে লাগলে ইংল্যান্ড গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ‘৪-২’ গোলের দারুণ জয়ের পর, এই পারফরম্যান্স টুর্নামেন্ট জেতার দৌড়ে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে নতুন করে সংশয় তৈরি করল। বোস্টনের জিলট স্টেডিয়ামে প্রায় ৬৪ হাজার দর্শকের সামনে পুরো ম্যাচেই দাপট দেখায় ইংল্যান্ড। তারা প্রতিপক্ষের মাত্র ২টি শটের বিপরীতে ১৯টি শট নেয়। তবুও ঘানার বিকল্প গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে ফাঁকি দিয়ে গোল আদায় করতে পারেনি তারা। গ্রুপ ‘এল’-এ দুই দলেরই এখন ৪ পয়েন্ট। পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হলেও গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান কী হবে, তা এখনও নিশ্চিত নয়।

ঠান্ডা ও সেঁতসেঁতে আবহাওয়ায় ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল বেশ মন্থর। এই ম্যাচটি ইউরো ২০২৪-এর কিছু মলিন পারফরম্যান্সের স্মৃতি মনে করিয়ে দেয়। তবে এর জন্য বড় কোনো খেসারত দিতে হচ্ছে না, কারণ ইংল্যান্ড শেষ ৩২-এর আরও কাছাকাছি পৌঁছে গেছে। আগামী শনিবার মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি পার করতে পারলেই তারা নকআউট পর্ব নিয়ে ভাবতে পারবে। বিশ্বকাপে আফ্রিকান কোনো দলের কাছে ইংল্যান্ডের কখনো হারার রেকর্ড নেই, সেই রেকর্ড ভাঙার মতো পরিস্থিতি এখানেও তৈরি হয়নি।

তবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের চেয়ে ৬৯ ধাপ পিছিয়ে থাকা ঘানা (৭৩তম) চমৎকার লড়াই করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনমনীয় রক্ষণ বজায় রেখেছিল তারা।

 

Related Articles

Latest Posts