এক নায়কের তিন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে বর্তমানে একসঙ্গে প্রদর্শিত হচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তিনটি সিনেমা—‘রকস্টার’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ নিয়মিত প্রদর্শিত হচ্ছে সিনেপ্লেক্সে। একজন রকস্টারের জীবনের উত্থান-পতন, প্রেম ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, মিথিলা, সুনিধি, তারিক আনাম খান ও রোজী সিদ্দিকী।

এদিকে দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে ‘সামার বাংলা হিট ফেস্ট’, যা চলবে ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে পুনরায় প্রদর্শিত হচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ এবং রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। অন্যদিকে ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূর।

ঈদে মুক্তির পর থেকেই ‘রকস্টার’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একইসঙ্গে ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ পুনঃপ্রদর্শনের ঘোষণাও সিনেমাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় সাম্প্রতিক সময়ের আলোচিত ও জনপ্রিয় বাংলা চলচ্চিত্রগুলো উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর পাশাপাশি উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য প্রশংসিত এসব সিনেমা একসঙ্গে দেখার সুযোগ মিলছে দর্শকদের।

উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দেওয়া এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার ধরে রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের জন্য মানসম্পন্ন ও রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও দর্শকপ্রিয় বাংলা সিনেমাগুলো নিয়ে এ ধরনের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চলচ্চিত্রগুলো সব বয়সী দর্শককে হলমুখী করবে এবং “সামার বাংলা হিট ফেস্ট” বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।’

Related Articles

Latest Posts