বিশ্বকাপে স্পেনের অন্যতম বড় ভরসা পাউ কুবারসি। অল্প বয়সেই জাতীয় দলের রক্ষণভাগে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডার। তবে বিশ্বমঞ্চে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি ফিরে গেলেন শৈশবে, যখন টেলিভিশনের পর্দায় মুগ্ধ হয়ে দেখতেন লিওনেল মেসির জাদু।
স্পেন যদি নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে এবং আর্জেন্টিনাও নিজেদের পথ ধরে এগিয়ে যায়, তাহলে দুই দলের দেখা হতে পারে বিশ্বকাপের ফাইনালে। সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কুবার্সি বিন্দুমাত্র দ্বিধা না করে জানান, মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলা তার শৈশবের স্বপ্ন।
তিনি বলেন, ‘এটা হবে স্বপ্নের মতো। প্রথমত, এর মানে আমি বিশ্বকাপের ফাইনালে খেলছি। আর যদি প্রতিপক্ষ হিসেবে মেসি থাকেন, তাহলে সেটি হবে ছোটবেলা থেকে দেখা আমার একটি স্বপ্নের বাস্তব রূপ।’
মেসি শুধু তার নয়, পুরো পরিবারেরই আদর্শ ছিলেন বলে জানান লা মাসিয়া থেকে উঠে এই তরুণ, ‘আমার পুরো পরিবার বার্সেলোনার সমর্থক। ছোটবেলা থেকেই মেসি আমাদের আদর্শ এবং অনুপ্রেরণা। তার সঙ্গে দেখা হওয়া বা একই মাঠে খেলা আমার জন্য বিশেষ কিছু।’
আর্জেন্টিনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বার্সেলোনায় হুলিয়ান আলভারেজের সম্ভাব্য যোগদান নিয়েও মন্তব্য করেন কুবারসি, ‘এই মুহূর্তে আমি আমাদের বর্তমান দল নিয়েই ভাবছি। আমাদের দলে ফেরান তোরেস আছে, নতুন এসেছে অ্যান্থনি গর্ডন। ভবিষ্যতে যে-ই আসুক, তাকে স্বাগত জানানো হবে। আর কেউ না এলেও আমি আমার দলের সঙ্গেই থাকব। আমাদের দারুণ একটি দল আছে।’
হুলিয়ান আলভারেজের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তুলে ধরেন স্প্যানিশ এই ডিফেন্ডার, ‘আমি তার বিপক্ষে বেশ কয়েকবার খেলেছি। সে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। সে কীভাবে খেলে, আমি জানি। তাকে সামলানো সহজ নয়, তাই তার বিপক্ষে খেলতে হলে খুব সতর্ক থাকতে হবে।’
তবে আপাতত কুবারসির পুরো মনোযোগ স্পেনের পরবর্তী ম্যাচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন, আর প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক এই তরুণ, ‘আমরা জানি তারা শেষ পর্যন্ত লড়াই করবে। তারা যোদ্ধার মতো দল। আমার ক্লাব সতীর্থ রোনাল্ড আরাহোর মাধ্যমে আমি উরুগুয়ের মানসিকতা সম্পর্কে জানি। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে, বলের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ধৈর্য ধরে আক্রমণ গড়তে হবে।’
আরাহোর সঙ্গে ড্রয়ের সময় হওয়া মজার কথোপকথনের কথাও জানান কুবারসি, ‘গ্রুপ ড্র হওয়ার পর আমরা মজা করে বলেছিলাম, একজন আরেকজনকে হারাতে চাই। তবে এরপর আর এ নিয়ে কথা হয়নি।’
