বেনামেও আ. লীগের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, নামে বা বেনামে কোনোভাবেই এই সংগঠনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। একইসঙ্গে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নির্দেশনা বাংলাদেশের গণমাধ্যমগুলো মেনে না চললে সরকার ব্যবস্থা নেওয়ার কথা ভাববে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরে এসব কথা বলেন উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে, ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ—যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে।

‘আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না—এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত, এটাই সরকারের অবস্থান।’

শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচারের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদেশের গণমাধ্যমে যেকোনো সংবাদ প্রকাশ হলে বাংলাদেশ থেকেও দেখা যায়। তবে বাংলাদেশের আদালত কারো বক্তব্য প্রচারের বিষয়ে কোনো নির্দেশনা দিলে সেটা মানা উচিত।

‘যতক্ষণ না আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে এটা করাটা (হাসিনার বক্তব্য প্রচার) অনুচিত এবং আমি আশা করি আমাদের মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি…  আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এ কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট।

‘ইনফ্যাক্ট আমরা ফরমালিও জানাব, এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবে।’

কিছু গণমাধ্যম সরকারের আহ্বান আমলে নিচ্ছে না, এই বিষয়ে সরকার কী করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,  ‘একটা সময় হয়তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবা যেতে পারে।’

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ বলেন, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ সংবলিত পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে।

‘খুব বিস্তারিত বলছি না, এটা সরকার আমলে নিয়েছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে  ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা আছে, এ নিয়ে আমরা সচেতন আছি।’

তিনি বলেন, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবে না।

জাহেদ উর রহমান বলেন, এটা যেহেতু বিস্তৃতভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি।

‘বুঝতেই পারছেন, এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না। সো, এটা একটু খতিয়ে দেখার বিষয় আছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

Related Articles

Latest Posts