টাঙ্গাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা আজ মির্জাপুর বাইপাস থেকে মিছিল নিয়ে উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসে যান এবং সেখানে সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী তিন দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াহ্ইয়া খান মারুফ, সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধাসহ আরও অনেকে বক্তব্য দেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপককে স্মারকলিপি দিয়ে চলে যান।

উল্লেখ্য, গত কয়েক দিনে টাঙ্গাইলে লোডশেডিং ব্যাপকভাবে বেড়েছে। গরমে অতিষ্ঠ মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জেলার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

Related Articles

Latest Posts