আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন, একইসঙ্গে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। তফসিল ঘোষণা হতে পারে আগস্ট মাসে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য সাধারণত শীতকাল বেছে নেওয়া হয়, সে অনুযায়ী পরিকল্পনা এগিয়ে চলছে। অক্টোবরে নির্বাচন শুরু হলে শেষ হতে ১০ থেকে ১২ মাস পর্যন্ত লাগতে পারে।
‘অনেকে মিথ্যা প্রচারণা চালিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন হবে না, সেটা সত্য নয়’, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে কি না, সেটা আদালতে বিচার হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।
এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
আরেক প্রশ্নের জবাবে জাহেদ জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘর চালু হবে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
গতকাল সোমবার সাভারে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মঞ্চে ককটেল বিস্ফোরণের পর সাভার মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন।
এ নিয়ে জাহেদ উর রহমান বলেন, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হলো, যারা এরর সঙ্গে জড়িত, তদন্ত করা, তাদের ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব, রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন।
‘তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, তার কাছ থেকে আরেকটু দায়িত্বশীল মন্তব্য…(আশা করি)।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
