মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ডেনমার্কের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন।
আলোচনায় রুটে বলেন, তিনি ট্রাম্পের অসন্তোষের কারণ বুঝতে পারেন।
তবে তার দাবি, এসব ঘটনা ‘বিচ্ছিন্ন’ এবং ইউরোপের অনেক দেশই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। ট্রাম্প আগে যেসব দেশের সমালোচনা করেছিলেন, বিশেষ করে জার্মানি ও ফ্রান্সের প্রসঙ্গে রুটে সংযতভাবে ভিন্নমত প্রকাশ করেন।
এরপর ট্রাম্প আবারও যুক্তরাজ্যের সমালোচনা করে বলেন, ‘দুই সপ্তাহ ধরে তারা আমাদের দ্বীপটি ব্যবহার করতে দেয়নি।’ একইসঙ্গে তিনি ইতালিকেও ‘খুবই খারাপ’ বলে মন্তব্য করেন।
গ্রিনল্যান্ড প্রসঙ্গে রুটে বলেন, দাভোসে তাদের মধ্যে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছিল। তিনি প্রতিশ্রুতি দেন, ‘ধাপে ধাপে সেই চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করবেন।’
এরপর ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ডেনমার্কের জন্য গুরুত্বপূর্ণ নয়।’
এরপর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ডেনমার্কে নাৎসি দখলের প্রসঙ্গ টেনে দীর্ঘ বক্তব্য দেন। পরে আবারও বলেন, তিনি ‘ন্যাটো নিয়ে খুবই অসন্তুষ্ট’।
আলোচনার শেষদিকে রুটে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। জবাবে ট্রাম্প বলেন, ‘এই কারণেই আমি তাকে পছন্দ করি।’
