টরন্টোতে বন্দুক হামলায় নিহত ২, আহত ৪

কানাডার ওন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর একটি সালসা উৎসবে বন্দুক হামলার ঘটনায় দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

হামলার সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক রয়েছে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

টরন্টো পুলিশের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, শনিবারের এই হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে পাওয়া গেছে। যাদের মধ্যে ‘দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে’।

তবে আহতদের অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তদন্ত অব্যাহত থাকায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

এএফপির এক সাংবাদিক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে আয়োজিত একটি সালসা উৎসবে এই হামলার ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, ‘সেন্ট ক্লেয়ারের সালসা উৎসবে অর্থহীন সহিংসতায় দুইজনের প্রাণহানি এবং অন্যদের আহত হওয়ার ঘটনায় আমি মর্মাহত।’

গত মাসের শেষ দিকে মন্ট্রিয়ালে একই ধরনের আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।

ফেব্রুয়ারিতে পশ্চিমাঞ্চলের ছোট খনিশহর টাম্বলার রিজে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীর মা ও সৎভাইসহ আটজন নিহত এবং ২৭ জন আহত হন। পরে হামলাকারীও আত্মহত্যা করে।

 

Related Articles

Latest Posts