পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্স গাড়ির চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে রাজ হোসেন (৩৫)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে পাবনার সাথিয়ায় ফিরছিলেন স্বজনরা। পথে পাবনাগামী যাত্রীবাহী বাস পাবনা এক্সপ্রেসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক ও শিশু কেয়ার নানি নিহত হন। আহত হন কয়েকজন।
ওসি আরও জানান, খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ এবং শিশু কেয়ার মরদেহ উদ্ধার করে। এরসঙ্গে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
