টুখেলের কৌশলের সমালোচনা করে ট্রাম্প বললেন, ‘আমি ফুটবলের কতটুকুই বা বুঝি’

আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে থমাস টুখেল বলেছিলেন, খেলা শেষে এখন লাখো বিশেষজ্ঞ তাঁর ট্যাকটিকসের সমালোচনা করবে। সেই ‘লাখো বিশেষজ্ঞের’ তালিকায় এবার যোগ হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনকে রক্ষণাত্মক ভূমিকা পালন করতে দেখে অবাক হয়েছেন ট্রাম্প। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প টাওয়ারে ফিফা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলার এক পর্যায়ে টুখেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। 

ট্রাম্প বলেছেন, ‘ইংল্যান্ডের একজন দারুণ খেলোয়াড় আছে, যার সাথে আমি একসময় গলফ খেলেছিলাম। হ্যারি দারুণ একজন ফুটবলার। আমার মনে হয় শেষ দিকে তাকে রক্ষণভাগের খেলোয়াড় বানিয়ে দিয়ে ইংল্যান্ড বড় ভুল করেছে’। 

টুখেলের কৌশল নিয়ে মতামত দেয়ার পরপরই আবার ট্রাম্প বলেছেন, তিনি কোচিং সম্পর্কে এত কিছু বোঝেন না, ‘এগিয়ে যাওয়ার পর তারা তাদের সেরা খেলোয়াড়কে আক্রমণভাগ থেকে সরিয়ে ডিফেন্সে নামিয়ে দিলো। খেলায় আরেকটু আক্রমণাত্মক হতে হয়, তাই না? অবশ্য আমি এত কিছু বলতে চাই না। ফুটবলের আমি কতটুকুই বা বুঝি?’ 

বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচে একসাথে গলফ খেলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও হ্যারি কেইন। এরপর থেকে ফুটবলার কেইনকে বেশ কয়েকবার প্রশংসা করেছেন ট্রাম্প। 

পরবর্তীতে টুখেলের সংবাদ সম্মেলনে ট্রাম্পের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ড কোচের কাছে। কেইনকে তিনি রক্ষণভাগে ব্যবহার করেছেন, এমন অভিযোগ একেবারেই মানতে নারাজ টুখেল, ‘কখন হ্যারি এত রক্ষণাত্মক ভূমিকায় খেললো? ম্যাচের শেষ ৩০ মিনিট? আমরা তখন লো ব্লকে রক্ষণভাগ সামলাচ্ছিলাম। লো ব্লকে খেলতে হলে এভাবেই খেলতে হয়। সবাই একসাথে জোট হয়ে ডিফেন্স সামলাতে হয়’। 

অনুষ্ঠানে ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়ে বলেন, এবারের বিশ্বকাপ পৃথিবীর ইতিহাসের ‘সবচেয়ে সফল ক্রীড়া ইভেন্ট’ হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। বিনিময়ে ইনফান্তিনোও বলেছেন, চলতি বিশ্বকাপ সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ‘স্মরণকালের সেরা’ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় ট্রাম্পকেও ধন্যবাদ জানান ইনফান্তিনো। 

Related Articles

Latest Posts