পুলিশের তিন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুজন কর্মকর্তা।
অবসরে পাঠানো তিন ডিআইজি হলেন—হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা) মো. ওয়ালিদ হোসেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সানা শামীনুর রহমান।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন—সিআইডির মোহাম্মদ সারওয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সোহেলী ফেরদৌস, বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা) মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ সদর দপ্তরের অধীন সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফয়সাল মাহমুদ, পুলিশ সদর দপ্তরের কানিজ ফাতেমা, নৌপুলিশের জেসমিন বেগম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফরিদা ইয়াসমিন।
এ ছাড়া অবসরে পাঠানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) পুলিশ সুপার (এসপি) আবদুর রহিম শাহ চৌধুরীকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
গত ৩ মে ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
