রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের কাছে একটি ছাতার ভেতর থেকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাওয়া গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে ওই এলাকায় তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।
ডিএমপি মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোমার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমটি নিষ্ক্রিয় করা হয় বলে জানান তিনি।
সহকারী কমিশনার মোহাম্মদ ফারাবী বলেন, ‘মেট্রো স্টেশন সংলগ্ন সড়কে পড়ে থাকা একটি ছাতার ভেতর এই আইইডিটি রাখা ছিল।’
কারা এটি সেখানে রেখে গেছে এবং এর পেছনে উদ্দেশ্যই কী—তা খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।
বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্র জানায়, উদ্ধার আইইডিতে একটি বৈদ্যুতিক সার্কিট এবং ব্যাটারি ছিল। ধাতব পাইপের ভেতরে প্রায় এক থেকে দেড় কেজি সালফার এবং স্প্লিন্টারের জন্য প্রচুর পরিমাণে ছোট ছোট লোহার বল (বিয়ারিং বল) ছিল।
ছাতাটির বোতামে চাপ দিলেই ডিভাইসটি যেন বিস্ফোরিত হয়, এমন করে এটি তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে সূত্র।
