বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে চোটে (সাইড স্ট্রেইন) পড়েন রানা। এরপর থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সফরে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
জিম্বাবুয়ে সফর শেষে গত বুধবার দেশে ফেরার পর রানার স্ক্যান করানো হয়, যার ফল সেই শঙ্কাকেই বাস্তবে রূপ দিয়েছে। আজ শনিবার দ্য ডেইলি স্টারকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না রানার।’
বিসিবির মেডিকেল বিভাগের কয়েকটি সূত্রে জানা গেছে, বর্তমানে ছোট-বড় নানা ধরনের চোটে ভুগতে থাকা ক্রিকেটারের সংখ্যা মোট পাঁচজন। আজ এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই খেলোয়াড়দের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাবে বোর্ড।
চোটের শঙ্কায় আছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসও। তবে জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে আজ হালকা অনুশীলন করতে দেখা গেছে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে প্রস্তুত রাখছে দুই ডানহাতি পেসার ইবাদত হোসেন ও হাসান মাহমুদকে। তাদের মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) খেলা শেষে গতকালই দেশে ফিরেছেন হাসান।
পারিবারিক কারণে শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ইবাদত এখন ইতালিতে অবস্থান করছেন। দ্য ডেইলি স্টারকে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দেশে ফিরলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে ইচ্ছুক ইবাদত। আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
