টাইমের উদীয়মান এডটেক প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় বাংলাদেশের ‘অপারস ক্লাসরুম’

বিশ্বের উদীয়মান শিক্ষা প্রযুক্তি বা এডটেক প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় হয়েছে বাংলাদেশের ‘অপারস ক্লাসরুম’ (এসিএস)।

মার্কিন সাময়িকী টাইম ও বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার যৌথভাবে তৈরি ‘ওয়ার্ল্ডস এডটেক রাইজিং স্টারস ২০২৬’ তালিকায় এসিএস এই স্থান পেয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসিএস দাবি করেছে, টাইমের বৈশ্বিক এডটেক র‍্যাঙ্কিংয়ে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান স্থান পেল।

প্রতিবেদন অনুযায়ী, আর্থিক কার্যক্রম ও শিক্ষা খাতে প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে টাইম ‘ওয়ার্ল্ডস টপ এডটেক কোম্পানিজ ২০২৬’ তালিকা তৈরি করেছে।

এর পাশাপাশি ‘রাইজিং স্টারস’ বিভাগে ১০ বছর বা তার কম সময় ধরে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত তিন বছরের রাজস্ব প্রবৃদ্ধির ভিত্তিতে দ্রুত এগিয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে স্থান দেওয়া হয়েছে।

অনলাইন শিক্ষা উদ্যোগ হিসেবে ২০১৮ সালে এসিএসের যাত্রা শুরু। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন দেশের বড় শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর একটিতে পরিণত হয়েছে।

এসিএসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ লাখের বেশি শিক্ষার্থী তাদের লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। অনলাইন কার্যক্রমের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তাদের ২১টি অফলাইন পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নে অংশ নিতে পারে।

 

Related Articles

Latest Posts