চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছেন তার পরিবারের সদস্যরা। ঘটনার পর শ্রমিকরা ভয়ে কাজে না আসায় ভবনটির নির্মাণকাজও বন্ধ রয়েছে।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড-সংলগ্ন আবাসিক এলাকায় মো. জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় গতকাল রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন জসিম উদ্দিন।
তিনি হাটহাজারীর বড় দিঘীরপাড় এলাকায় চাল ও চিনির পাইকারি ব্যবসা করেন।
সম্প্রতি ওই ১০তলা ভবনে নির্মাণকাজ শুরু হয়।
জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর রাতে সন্ত্রাসীরা ফোন করে কাজ বন্ধ রাখার জন্য হুমকি দেয়। তারা আগে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। না দেওয়ায় ভবনে হামলা-ভাঙচুর হয়েছে।’
তিনি বলেন, ‘মামলা করার পর ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। না দিলে আবারও হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
জসিম উদ্দিন বলেন, ঘটনার পর থেকে নির্মাণশ্রমিকরা আর কাজে ফেরেননি। আজ সকালেও তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কাজে আসতে রাজি হননি। হামলার আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শ্রমিক ভবনটিতে কাজ করতেন।
‘মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তাই আতঙ্কে আছি’, বলেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
