‘ফুটবলের ঈশ্বর’ মেসির জন্যই মায়ামিতে গিয়েছেন কাসেমিরো

নতুন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সতীর্থ ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বন্দনায় মেতেছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। স্প্যানিশ লা লিগার এক সময়ের প্রবল এই প্রতিদ্বন্দ্বীকে ‘ফুটবলের ঈশ্বর’ তকমা দিয়েছেন তিনি।

বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড মেসিকে নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার কাসেমিরো শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, ‘আমি এখানে (মায়ামিতে) এসেছি মূলত ওর জন্যই। ওকে ও মায়ামিকে সাহায্য করাই আমার লক্ষ্য।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটানোর পর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) পা রেখেছেন কাসেমিরো। গত শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে মায়ামির ১-০ গোলের জয়ের ম্যাচে নতুন ঠিকানায় অভিষেকও হয়ে গেছে তার। সেদিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

অভিষেক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে কাসেমিরোকে। সেখানে মেসির প্রশংসায় তিনি বলেছেন, ‘আমি ওর পাশে খেলাটা উপভোগ করতে চাই। ওকে জেতাতে সাহায্য করতে চাই এবং ওর শ্রেষ্ঠত্বকে আরও বাড়িয়ে তুলতে চাই। সে ফুটবলের অন্যতম একজন ঈশ্বর, কিংবা সে-ই ফুটবলের ঈশ্বর বলা যায়।’

নিউজার্সিতে স্পেনের কাছে সবশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে হারের পর ছুটিতে ছিলেন ৩৯ বছর বয়সী মেসি। তাই মায়ামির জার্সিতে কাসেমিরোর প্রথম ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন না তিনি।

রিয়াল ও বার্সেলোনার হয়ে ‘এল ক্লাসিকো’তে বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন কাসেমিরো ও মেসি। তবে এখন আর প্রতিপক্ষ হিসেবে নয়, বরং মেসির পাশে খেলার জন্য মুখিয়ে আছেন কাসেমিরো।

তার অকপট স্বীকারোক্তি, ‘আমি জানি ওকে থামানো অসম্ভব। আমি কখনোই সেটা পারিনি। আমার সব সময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো। আর এখানে ওর সঙ্গে মাত্র দুটো অনুশীলন সেশন কাটানোর পরই পরিষ্কার বুঝতে পারছি যে, ওকে আটকানো সত্যিই অসম্ভব।’

Related Articles

Latest Posts