প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার রাজধানীর বিজয় সরণিতে র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার একটি মাধ্যম নয়। এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও সহায়তা করে। আত্মবিশ্বাসী শিক্ষার্থীরা সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’

‘মার্শাল আর্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে, যা একটি সুস্থ, দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে,’ বলেন তিনি।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কারাতে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Latest Posts