ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরবসহ আরও ১৩টি দেশ।
এই জোটে যোগ দেওয়ার পরিকল্পনায় এ অঞ্চল থেকে বাংলাদেশ সমর্থন জানিয়েছে। জোটে আরও রয়েছে পাকিস্তান।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার কাঠামো হিসেবে এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট (এমএমডিএ) প্রতিষ্ঠা করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো—বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও নাইজেরিয়া।
উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এখনো এই ঘোষণাপত্রে সই করেনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়নি। তবে ধারণা করা হচ্ছে দেশটি জোটে যোগ দেবে।
এ ব্যাপারে জানতে গত রাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গত ২০ জুলাই হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। এরপর থেকে একাধিকবার দাবি করেছে, সৌদি-সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে তারা হামলা চালিয়েছে।
এর জবাবে রিয়াদ জানায়, ইয়েমেনের হোদেইদায় বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি হিসেবে ব্যবহৃত হুতিদের সামরিক স্থাপনায় বিমান হামলা করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হুতিদের হুমকির জবাবে বৃহস্পতিবার ৪৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করে সৌদি আরব। সেখানে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে আলোচনা হয়।
বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে নৌ চলাচলের স্বাধীনতা এবং জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখাই এই জোটের লক্ষ্য। জোটটির নেতৃত্ব দেবে সৌদি আরব। দেশটিতেই জোটের স্থায়ী সদর দপ্তর, যৌথ কমান্ড ও অপারেশনস সেন্টার স্থাপন করা হবে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে এই জোটে যোগ দিতে অন্যান্য দেশের জন্য দরজা উন্মুক্ত থাকবে।
লোহিত সাগরের এই উত্তেজনা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সর্বশেষ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের বাইরে নৌপরিবহনে হামলা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।
দক্ষিণ লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে সামুদ্রিক সংকীর্ণ পথ বাব আল-মানদেব প্রণালি। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের এটি অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা জাহাজে হামলা শুরু করার পর নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন লোহিত সাগরে একটি নৌ মিশন শুরু করে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জরুরি বৈঠক করেন।
অ্যাক্সিওস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রিন্স খালিদ ওয়াশিংটনকে বলেছেন, ইরানকে ঘিরে বিস্তৃত যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ আরও বাড়ুক—এটি সৌদি আরব চায় না। তবে প্রয়োজনে দেশটি ‘নিজেদের রক্ষা করতে’ প্রস্তুত।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে।
প্রিন্স খালিদ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা ছাড়াই ইয়েমেনে হুতিদের হুমকি মোকাবিলা করতে সক্ষম সৌদি আরব।
